
নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ও চেয়ারম্যানঘাটে যাত্রী পারাপারের পন্টুন নেই। এতে ঘাট দুটি দিয়ে পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন নৌযানের যাত্রীরা।
স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যানঘাটে একটি পন্টুন ছিল। কিন্তু ভাঙনের কবলে পড়ে চার-পাঁচ বছর আগে সেটি বিলীন হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, সি-ট্রাকসহ বিভিন্ন নৌযানের যাত্রীদের কেউ কাঠের সিঁড়ি বেয়ে ও কেউ কাদামাটি মাড়িয়ে ঘাটে উঠছেন।
এদিকে নলচিরা ঘাটেও কোনো পন্টুন নেই। স্থানীয় বাসিন্দারা বলেন, দুই যুগের বেশি সময় ধরে নলচিরাঘাট হয়ে হাতিয়ার বাসিন্দারা নৌযানে করে বিভিন্ন স্থানে যাতায়াত করেন। যাত্রী পারাপারের পাশাপাশি পণ্য পরিবহনেও ঘাটটি গুরুত্বপূর্ণ। কিন্তু ঘাটটিতে বিআইডব্লিউটিএ কোনো পন্টুন স্থাপন করেনি। এতে ঝুঁকি নিয়ে বিভিন্ন বয়সের যাত্রীদের ঘাটে ওঠানামা করতে হয়।
হাতিয়ার নলচিরাঘাটে কথা হয় সি-ট্রাক থেকে নামা যাত্রী চরকিংয়ের বাসিন্দা আবদুল জলিলের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ঘাটে পন্টুন না থাকায় নৌযান থেকে তীরে ওঠানামায় নারী, শিশু ও বয়স্ক লোকদের দুর্ভোগের শেষ নেই। কিন্তু জনগণের দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
অন্যদিকে চেয়ারম্যানঘাটে বিলীন হয়ে যাওয়া পন্টুনটি পুনঃ স্থাপন না করায় ক্ষোভ প্রকাশ করেন শিরিন আক্তার নামের এক যাত্রী। তিনি বলেন, পন্টুন থাকার সময় সহজে কোলের বাচ্চা নিয়ে সি-ট্রাকে ওঠানামা করতে পারতেন। কিন্তু পন্টুন ভেঙে যাওয়ায় এখন ঝুঁকি নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে সি-ট্রাকে উঠতে হয়। এতে যেকোনো সময় বিপদ ঘটতে পারে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ বলেন, নলচিরাঘাট ভাঙনপ্রবণ হওয়ায় মন্ত্রণালয়ের সমীক্ষা দল পন্টুন স্থাপনে রাজি হয়নি। আর চেয়ারম্যানঘাটে নতুন পন্টুন স্থাপনের জন্য মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএতে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই সেখানে নতুন পন্টুন স্থাপন করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিএআইডব্লিউটিএর চট্টগ্রামের যুগ্ম পরিচালক আক্কাছ আলী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নলচিরাঘাটে পন্টুন স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে কেউ এ পর্যন্ত সংস্থার কাছে আসেনি। তিনি জানান, চেয়ারম্যানঘাটে শিগগিরই পন্টুন বসানো হবে।