বরিশালের উজিরপুর উপজেলা সদরের লঞ্চঘাটে সাত মাস ধরে পন্টুন নেই। এতে যাত্রী ও মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঝনদীতে ছোট নৌকায় করে যাত্রী ও মালামাল লঞ্চে ওঠানো-নামানো হচ্ছে।
স্থানীয় ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, স্বাধীনতার আগে থেকেই উজিরপুর লঞ্চঘাটে পন্টুন ছিল। ১৯৮৫-১৯৮৬ অর্থবছরে পন্টুন সর্বশেষ মেরামত করা হয়। পরে সংস্কার না করায় পন্টুন ধীরে ধীরে নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় লোকজনের অভিযোগ, পন্টুন মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার লিখিত আবেদন দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চলতি বছরের জানুয়ারি মাসে বিআইডব্লিউটিএ সংস্কারের জন্য পন্টুন নিয়ে যায়। এরপর গত সাত মাস ধরে লঞ্চঘাটটি পন্টুনবিহীন অবস্থাতেই আছে।
এলাকার আজিজ শিকদার, আবদুল হাকিম, দেলোয়ার হোসেনসহ অনেকেই বলেন, এই ঘাট থেকে ঢাকা, পিরোজপুর, ঝালকাঠী, হুলারহাটসহ বিভিন্ন নৌ-পথে প্রতিদিন ১৫-২০টি লঞ্চ চলাচল করে। ব্যবসায়ীরা উজিরপুর ঘাট দিয়ে মালামাল পরিবহন করে থাকেন। পন্টুন না থাকায় যাত্রী ওঠানামা ও মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়।
ভুক্তভোগী যাত্রী সেকেন্দার হোসেন, আবদুল জব্বার, তালেব ঘরামীসহ কয়েকজন বলেন, পন্টুন না থাকায় লঞ্চ এসে নদীর তীর থেকে বেশ দূরে থামে। যাত্রীরা ছোট নৌকায় করে সেখানে গিয়ে লঞ্চে ওঠানামা করে। রোগী ও বৃদ্ধদের এ নিয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়।
ব্যবসায়ী আনোয়ারুল হক ও জানে আলম বলেন, পন্টুন না থাকার কারণে মালামাল পরিবহনে অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঘাটের ইজারাদার মঞ্জু ফরাজি বলেন, পন্টুন ও সংযোগ সড়ক না থাকায় নৌকা নিয়ে গভীর রাতে যাত্রী ও মালামাল ওঠানো-নামানো কঠিন ও ঝুঁকিপূর্ণ ব্যাপার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মজিদ সিকদার বলেন, দ্রুত পন্টুন স্থাপনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক শাহজুল হক বলেন, পুরোনো পন্টুন সংস্কারের জন্য নেওয়া হয়েছে। দ্রুত পন্টুন স্থাপন করা হবে।