পন্টুন বিচ্ছিন্ন হয়ে তিন লঞ্চডুবি, নিখোঁজ ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে পদ্মার ভাঙনে পন্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন যাত্রী ও ১৩ জন লঞ্চের কর্মী। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নৌবাহিনীর ১১ সদস্যের ডুবুরি দল, ফায়ার সার্ভিসের ঢাকা, ফরিদপুর ও শরীয়তপুরের তিনটি ইউনিট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষর একটি ডুবুরি দল পদ্মা নদীর দুর্ঘটনাস্থল ও আশপাশে অবস্থান করছে। তবে তীব্র স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ শুরু করা যাচ্ছে না। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মো. মোজাম্মেল হক ও শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার।

লঞ্চ উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারযান ‘প্রত্যয়’ বিকেল পাঁচটায় সুরেশ্বর এলাকায় পৌঁছায়। ডুবে যাওয়া একটি লঞ্চের অবস্থান এই এলাকায় পাওয়া গেছে। তবে স্রোতের কারণে উদ্ধারযানটি গতকাল রাত আটটা পর্যন্ত নোঙর করতে পারেনি।

দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ ও শরীয়তপুর জেলা প্রশাসন আলাদাভাবে এসব তদন্ত কমিটি গঠন করে। বিআইডব্লিউটিএর তদন্ত প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ ১৬ জন হলেন নড়িয়ার গোয়ালবাথান গ্রামের আকবর সরদারের ছেলে ও নড়িয়া-২ লঞ্চের দোকানি রবীন সরদার (২৫), বিঝারী ইউনিয়নের হারুন তালুকদারের ছেলে ও নড়িয়া-২ লঞ্চের মাস্টার সজল তালুকদার (৩৮), নড়িয়া-২ লঞ্চের খালাসি জয়, মিস্ত্রি সাদেক, সুকানি মোশারফ হোসেন, ফরিদপুরের মুসা মিস্ত্রির ছেলে ও মহানগর লঞ্চের চালক শাহ আলম (৩৫), মহানগর লঞ্চের গিজারম্যান চাঁদপুরের সালাহউদ্দীন (৩০), সুরেশ্বর গ্রামের আবদুর রশিদ শেখের ছেলে ও মৌচাক-২ লঞ্চের দোকানি লিটন শেখ (২৫), হালইসার গ্রামের খালেক মাতবরের ছেলে ও মৌচাক-২ লঞ্চের বাবুর্চি মানিক মাদবর (৩৪), মৌচাক-২ লঞ্চের কেবিনবয় বরিশালের বশির (২৯), মৌচাক-২ লঞ্চের সুকানি ভোলার রফিক (৫৫), মৌচাক-২ লঞ্চের মাস্টার চাঁদপুরের জাকির (৪৪), মৌচাক-২ লঞ্চের লস্কর পলাশ (২০), মৌচাক-২ লঞ্চের যাত্রী নড়িয়ার লোনসিং গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী পারভিন আক্তার (৩৭), শাশুড়ি ফখরুন্নেছা (৫৫) এবং মোহাম্মদ আলীর পাঁচ দিনের নবজাতক। মোহাম্মদ আলী তাঁর পরিবার নিয়ে মৌচাক-২ লঞ্চে করে গত রোববার রাতে ঢাকা থেকে নড়িয়ার ওয়াপদা ঘাটে যান।

প্রত্যক্ষদর্শী সুরেশ্বর লঞ্চঘাটের শ্রমিক জামাল খালাশি বলেন, ঘাটে পাঁচটি লঞ্চ নোঙর করা ছিল। ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দ করে পানির স্রোত ধেয়ে আসতে দেখেন তাঁরা। কিছু সময়ের মধ্যে প্রায় ৪০ মিটার জায়গা একসঙ্গে নদীতে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে পন্টুন বিচ্ছিন্ন হয়ে নদীতে চলে যায়। স্রোতে তিনটি লঞ্চ ডুবে যায়। লঞ্চের অধিকাংশ কর্মী তখন ঘুমিয়ে ছিলেন।

নড়িয়া ২ ও মহানগরী লঞ্চের মালিক মিলন লস্কর বলেন, ‘আমার দুটি লঞ্চ ওয়াপদা ঘাট থেকে নারায়ণগঞ্জে চলাচল করে। একটি সকাল সাতটা, আরেকটি সকাল আটটায় ছেড়ে যাওয়ার কথা ছিল। লঞ্চে ২২ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ৮ জনের সন্ধান পাচ্ছি না।’

শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার বলেন, নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের পরিচয় জানা গেছে। আর কেউ নিখোঁজ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক বলেন, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হচ্ছে না। সব প্রস্তুতি নেওয়া আছে। পরিস্থিতির একটু উন্নতি হলেই উদ্ধার তৎপরতা শুরু হবে।