পন্টুন সমস্যায় দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা নৌপথে বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চের সংখ্যা বাড়ছে। দিনে ৫০ হাজার যাত্রী বরিশাল নৌবন্দর ব্যবহার করে। কিন্তু নৌযানগুলো বন্দরে নোঙর করার জন্য নেই পর্যাপ্ত পন্টুন। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। দুই ঈদে এই সমস্যা তীব্র আকার ধারণ করে।

সরেজমিনে দেখা গেছে, বরিশাল নৌবন্দরে বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ ও বিআইডব্লিউটিসির জাহাজ নোঙর করার জন্য মাত্র তিনটি পন্টুন রয়েছে। তিন পন্টুনে ঠাসাঠাসি করে ৯ থেকে ১০টি লঞ্চ নোঙর করা আছে। ঈদ বিশেষ সেবা চালু হওয়ায় নৌবন্দরে প্রতিদিন ১৯টি লঞ্চ, বিআইডব্লিউটিসির দুটি জাহাজ, গ্রিন লাইনের একটি ও একতলা লঞ্চ মিলে ৩০-৩৫টি নৌযান নোঙর করতে হচ্ছে। সব লঞ্চ পন্টুনে নোঙর করতে পারছে না। কিছু লঞ্চ অন্য লঞ্চের সঙ্গে নোঙর করছে। এক লঞ্চ থেকে অন্য লঞ্চ হয়ে নামতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবির বলেন, ‘বরিশাল নৌবন্দরে ১২০ ফুট দৈর্ঘ্যের মাত্র তিনটি পন্টুন আছে। এর মধ্যে একটি বিআইডব্লিউটিসির জাহাজের জন্য নির্ধারিত। পাশে একতলা লঞ্চের জন্য আরও একটি পন্টুন আছে। কিন্তু প্রতিদিন কেবল ঢাকা-বরিশাল নদীপথে ১৫ থেকে ২০টি লঞ্চের প্রায় ৫০ হাজার যাত্রী এই পন্টুন ব্যবহার করে। লঞ্চ ও যাত্রীর চাপ সামাল দিতে বিআইডব্লিউটিসি এবং একতলা লঞ্চের জন্য বরাদ্দ পন্টুনও ব্যবহার করা হচ্ছে। তারপরও যাত্রী দুর্ভোগ কমছে না।’