পন্টুনের র‍্যাম ভেঙে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিঘাটে নতুন পন্টুন স্থাপনের কাজ চলছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিঘাটে নতুন পন্টুন স্থাপনের কাজ চলছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ফেরিঘাটের পন্টুনের র‍্যাম (ফেরিতে ওঠা-নামার পথ) ভেঙে যাওয়ায় লক্ষ্মীপুর-ভোলা নৌপথে দুদিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট অংশে পণ্যবাহী শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়েছে। গত বুধবার বিকেলে পণ্যবাহী একটি ট্রাক ফেরিতে ওঠার সময় বিআইডব্লিউটিএর পন্টুনের র‍্যাম ভেঙে যায়।
ঘাটে আটকা পড়া ট্রাকচালক জসিম উদ্দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি চট্টগ্রাম থেকে ঢেউটিন নিয়ে বুধবার ভোলার উদ্দেশে রওনা দেন। কিন্তু র‍্যাম ভেঙে যাওয়ায় লক্ষ্মীপুরেই আটকা পড়ে আছেন।
আরেক ট্রাকচালক ওমর ফারুক বলেন, তিনি ঢাকা থেকে ফার্নিচার নিয়ে ভোলায় যাচ্ছিলেন। মঙ্গলবার ভোরে ফেরিঘাটে পৌঁছান। এখনো ঘাটেই আছেন।
দুদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন পরিবহন চালক, শ্রমিক, যাত্রীসহ অসংখ্য মানুষ। তাঁরা দ্রুত ফেরিঘাটের পন্টুন মেরামতের দাবি জানান।
মজুচৌধুরীরহাট ফেরিঘাটের লস্কর কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বুধবার গভীর রাতে চাঁদপুর থেকে নতুন একটি পন্টুন আনা হয়েছে। গতকাল সকালে এটি স্থাপনের কাজ শুরু হয়েছে। শুক্রবার (আজ) সকালের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে মাত্র দুটি ফেরি চালু রয়েছে। কিষানি ও কনকচাঁপা নামের এই দুটি ফেরি জোয়ার-ভাটার ওপর নির্ভর করে চলে। এমনিতেই যানবাহনের তুলনায় ফেরি কম হওয়ায় দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। আর গত দুদিনে তা অসহনীয় হয়ে উঠেছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, পন্টুন স্থাপনের কাজ শেষ হলে সমস্যার সমাধান হয়ে যাবে।