পপাত ধরণিতল
দৃষ্টিপ্রতিবন্ধীকে দেখে ‘ওই দ্যাখ কানা যায়’ বলে ওঠার আগে কখনো ভেবে দেখেছেন কি, ওই মানুষটির মনে ওই একটা বাক্য কতখানি বিরূপ প্রভাব ফেলতে পারে? যে মানুষটি সমাজের চোখে শুধুই ‘কানা’, আপনি সুস্থ সবল দেহের অধিকারী কি কোনো দিন ভেবে দেখেছেন, ওই ‘কানা’র ঘ্রাণশক্তি, স্পর্শশক্তি বা শ্রবণশক্তি ঠিক কতখানি তীব্র?
দৃষ্টিপ্রতিবন্ধী শুধু ছুঁয়ে দিয়ে হাজার চোখের কাজ একসঙ্গে করতে পারে। যে নারীর দৃষ্টি আঁধার, সে শুধু তার নাক আর জিবের জোরে পাকা রাঁধুনি হয়ে ওঠেন। আর কণ্ঠ? সংগীতে সঠিক শিক্ষাপ্রাপ্ত কোনো দৃষ্টিপ্রতিবন্ধীর গান শুনে দেখবেন দয়া করে।
যে মানুষটার দুই হাতের কবজি ছাড়া বাকিটা নেই, সে মুখে কলম চেপে লিখতে পারে, দুই পায়ের ভাঁজে সবজি নিয়ে কাটতেও পারে। হে সুস্থ সবল মানব সন্তান, আপনি পারবেন কি? সংবাদপত্রের পাতায় একজন পরীক্ষার্থী (নেত্রকোনার), যার দুই হাতের কেবল কাঁধের অংশগুলো আছে, তার মুখে কলম ধরে মাধ্যমিক পাস করার কাহিনি উড়ে বেড়াচ্ছে এখন। উচ্চ মধ্যবিত্ত বাঙালির সংখ্যা নেহাত কম নয় এ দেশে, তাঁদের একজনও যদি মাসুদ নামের এই ছেলের পড়াশোনার দায়িত্ব নেন অন্তত উচ্চমাধ্যমিক পর্যন্ত, খুব কি কষ্ট হবে? হয়তো ছেলেটির জীবন পাল্টে যাবে। তবে কয়জন মানুষ করেন এমন কাজ? মাসুদরা যে সমাজের চোখে অস্পৃশ্য, আর নিম্নমধ্যবিত্ত হলে তো একেবারে সোনায় সোহাগা। গরিবের আবার পড়াশোনার অধিকার আছে বুঝি? তা–ও এহেন অস্পৃশ্য হলে? হায় রে মানবতা!
হিন্দুধর্মাবলম্বী এক দিদি ছিলেন বিশ্ববিদ্যালয়জীবনে। ওনার তিন সন্তানের দ্বিতীয়টি অটিস্টিক ছিল। উচ্চ শিক্ষিত এই নারীকে প্রায়ই শুনতে হতো, অনিন্দ্য সুন্দর ওনার অনিন্দ্য নাকি দিদির পূর্বজন্মের পাপের ফল! বাহ্ রে সমাজ, বাহ্! এই শিশু কী ক্ষতি করেছে আপনাদের? অনিন্দ্যর জন্য মাঝে মাঝে নিজের আঁকা ছবি নিয়ে গেলে দিদি কেঁদে ভাসাতেন, ‘অন্য দুজনকে সবাই চায়, এ ছেলেটার মুখের হাসিও কেউ চায় না, সে পাপ যে! এইটুকুতেই অনিন্দ্য কত খুশি হয়!’
পরিচিত একজনকে জানি, যিনি ভালোবাসার জন্য ধর্ম, পরিবার—দুই–ই ছেড়ে ছিলেন। কিন্তু তার প্রথম সন্তানটি যখন ডাউন সিনড্রোম নিয়ে জন্মাল, তখন থেকেই কলহের শুরু। শেষ কালে সব দোষ মায়ের, ‘প্রতিবন্ধী জন্ম দিয়েছ, পাপিষ্ঠা তুমি! বের হও আমার আমার সংসার থেকে!’ হা হা! সত্যি হাসি পায় এহেন ভালোবাসা দেখে। এই অদ্ভুত মিষ্টি নিষ্পাপ মেয়েটি মায়ের সাহায্যের ওপর নির্ভরশীল, সেটাই কি তার আজন্ম পাপ? ডাউন সিনড্রোম তো হয়ই জিনগত ত্রুটির ফলে। সেখানে এই মানুষগুলোর কী দোষ? ডাউন সিনড্রোমের সন্তান যে পরিবারে আছে, তারাই জানবেন এই বিশেষ শিশুদের চেহারার লাবণ্য কতখানি হতে পারে, আর অটিজমের মতো এই শিশুরাও সঠিক শিক্ষা পেলে সমাজ, পরিবারের জন্য উপহার হয়ে উঠতে পারে। তবে ওই সঠিক শিক্ষাটুকু দেওয়ার ধৈর্য কার আছে? এরা প্রতিবন্ধী যে!
আর হুইলচেয়ার? এ জিনিসটি সঠিকভাবে চলাচলের রাস্তা কোথায় ঢাকা বা অন্য শহরে? অনেক ঠিকঠাক চার হাত–পায়ের মানব সন্তানের ভিড়ে বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একজন হুইলচেয়ার ব্যবহারকারীকে ঢুকিয়ে দেখুন, তাকে ঠিক কতগুলো সুস্থ মানুষের করুণার দৃষ্টিকে উপেক্ষা করে পথ চলতে শিখতে হয়। যে মানুষটি কেবল মনের জোরে নিজের জায়গাটা করে নিতে চাইছে সবার মাঝখানে, তার মনোবল বাড়ানো তো দূর, তাকে ঠেলে ধাক্কিয়ে তার মনের জোরকে শূন্যের কোঠায় নামিয়ে আনার আগ পর্যন্ত চার হাত পা থাকা মানুষদের শান্তি হয় না। নিজেদের হাত–পায়ের শারীরিক শক্তিটুকু নিয়ে তারা অতি গর্বিত যে!
বাংলাদেশের কয়টি গণপরিবহনে ‘প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত’ আসনগুলো আক্ষরিক অর্থে প্রতিবন্ধীদের জন্য থাকে? কয়জন প্রতিবন্ধী ঠিকভাবে বাস বা সিএনজিচালিত অটোরিকশায় চড়তে পারে?
পাঠক এবার হয়তো বলবেন, ‘সবার কথা কইলে, এবার নিজের কথা কহ, কবি!’ কৌতূহলী পাঠকের অনেক চিঠি পাই বিষয়টি নিয়ে। আজ বলছি শুনুন।
সম্পূর্ণ স্বাভাবিক দেখতে এই আমি দেহের গঠনেও স্বাভাবিক, কেবল আমার শরীরের বাঁ পাশের ‘ঠ্যাং’খানা ছাড়া। জন্মমুহূর্তে আল্লাহ তাআলার খেয়ালে বাঁ পায়ে বাহ্যিক এবং অভ্যন্তরীণ বেশ কিছু ত্রুটি নিয়ে জন্মেছি, যা নিরাময়যোগ্য নয় এবং খুব একটা খেয়াল না করলে বোঝা যায় না (যদি আমি নিজে না বোঝাই)। আমার হাঁটার মাধ্যম আমার গোটা ডান পা এবং বাঁ পায়ের কেবল আঙুলগুলো। বাঁ পায়ের জন্য বাড়ির বাইরে গেলে লাঠি ধরতে বাধ্য হই। আর আমার বাঁ পায়ের কয়েকটা আঙুলের গঠন ত্রুটিপূর্ণ হওয়ায় সেগুলো খাট, দরজা, আলমারি, টেবিল ইত্যাদির ফাঁকে খুব সহজে আটকে যেতে পারে (যদি স্যান্ডেলও পরে থাকি তবু)। ফল? দিনের মধ্যে অন্তত ১৫ বার এদিক–সেদিক আটকে যাও, ধাক্কা খাও, গুঁতো খাও, রক্তাক্ত হও, আর ও মা গো বলে একখানা চিৎকার দাও!
আর বাঁ পাশের কোমর থেকে নিচ পর্যন্ত একখানা অতি বিশ্রী যন্ত্রণা সেই ছোট্টবেলা থেকেই সঙ্গী। আর এই জিনিসটা যখন বেড়ে যাবে? ধুম! গোটা বাঁ পাশ কোমর থেকেই অবশ! এই অবশ ভাবও দিনে দুবার তো হবেই! তখন আমার সাথি কেবল হাতের আঙুলগুলো। কারণ, এমন হলে মাঝে মাঝে আমার কথাও জড়িয়ে যায়, আর অতি যন্ত্রণায় পাগলপ্রায় মস্তিষ্ককে টেনে জায়গামতো বসাতেই তখন লিখতে বসি। কারণ, হাতে টাইপ করা ছাড়া আর কিছুর শক্তি থাকে না। ল্যাপটপ না থাকে তো কি–বোর্ড টেনে নিয়ে টুংটাং আর ফাটা বাঁশ মার্কা কণ্ঠে সুর তোলা। কারণ, গান আমার কাছে ডাইক্লোফেনাক সোডিয়াম, মুভ অথবা নাপা এক্সট্রা থেকে বড় ওষুধ। আর এই যন্ত্রণা বা অবশ ভাব মানে শরীরের এমন একটা অবস্থা, যেখানে সিজদা দেওয়ার ক্ষমতা লোপ পায়, আর ইশারাতেও প্রার্থনা সম্ভব হয় না। তখন ফোনে কোরআন তিলাওয়াত ছেড়ে বসে থাকি, আরবি পড়াও হয়, শোনাও হয়। অন্য রকম মানসিক শান্তি। (নিন্দুকে এবার হইহই করে উঠতে পারেন, গান আর কোরআন একসঙ্গে যায় না বলে। খোদার পৃথিবীর কোনায় কোনায় সংগীত, বাতাসে, পাখির কণ্ঠে, বৃষ্টির ছন্দে! তাই হ্যাঁ, আমার একদিকে কোরআন তিলাওয়াতও চাই, অন্যদিকে কিছুটা গানের সুরও চাই, অবশ্যই সে সুর যেন অতিমাত্রায় না হয়।)
আর এহেন অতি শারীরিক জ্বালায় যা–ই খাই, সবই যেন গলা দিয়ে ঠেলে উঠে আসতে চায়, তাই অতিরিক্ত ক্ষুধাবোধ না হলে খাবারের ছায়া মাড়াই না।
আমার এই অতি শারীরিক জ্বালায় পাগল অবস্থাকে সামলাতে মাঝেমধ্যে আমার বন্ধুবান্ধবের ত্রাহি মধুসূদন অবস্থা হয়। কারণ, এ রকম সময়ে আমি না চাইতেও অনেক কিছু বলে ফেলি, যা মোটেও আমার মনের কথা নয়। পরিবারকে অতি উদ্বেগ থেকে বাঁচাতেই তখন পরিবারের সামনে হালকা একটু অভিনয় চলে আমার, খুব খারাপ থাকলেও: ‘না মা, আমি বেশ আছি!’ অহেতুক টেনশন বাড়ায় কে ভাই?
আর একটু পরপর শুনতে হয়, ‘ঘর মুছছি, হাঁটিস না রে!’ কারণ, ভেজা ঘরে উল্টে পড়ে আরেক বিপদ, টয়লেটেও পড়ো, অবশ হও! ভারি মজার জীবন আমার সত্যি, একটু কিছু হলেই সোজা, পপাত ধরণিতল!
এই সমাজের কাছে এই আমার মাত্র একটা পরিচয়, ‘আরে ধুর, ও মাইয়া খোঁড়া!’ ব্যস, কথা শেষ। বাহ্যিক আবরণের বাইরেও যে কারও একটা নিজস্ব পরিচয় থাকতে পারে, সেই খোঁজ নেওয়ার সময় কার আছে?
তবু অভিযোগ নেই, সৃষ্টিকর্তা হয়তো শরীরের একটা অংশের ক্ষমতা কেড়েছেন, যার বিনিময়ে হয়তো কিছু দিয়েছেন। কী দিয়েছেন সে খোঁজ তিনিই ভালো জানবেন।
এত কথা বলার একটাই কারণ, নিজে একজন মানুষ হয়ে অন্য কোনো মানুষের খুঁত নিয়ে টানাটানি করা আমার কাছে বড় বিরক্তিকর। সবার মধ্যেই কোনো না কোনো শক্তি থাকে, সেটাকে খুঁজে বের করে তাতে শাণ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ নয় কি?
সহানুভূতি (Sympathy) আর সমানুভূতি (Empathy) এই দুটো বোধের ভেতর যে একটা বড় তফাত আছে, সেটা বুঝতে চান কয়জনে? সহানুভূতিতে করুণা মিশ্রিত থাকতে পারে, যা সত্যি কারোই কাম্য নয়। অন্যদিকে সমানুভূতি হলো কোনো মানুষের জায়গায় একমুহূর্ত নিজেকে ফেলে চিন্তা করতে পারা। কাউকে একটা কথা বলছি আমি হুট করে, সেই কথাটা আমাকে কেউ বললে আমার ঠিক কেমন লাগত? যা নিজের ভালো লাগবে না, তা অন্যের সঙ্গে করব কেন? আমার সঙ্গে যার আচরণ ভালো, তার সঙ্গে আমার আচরণ আরও বেশি ভালো হওয়া উচিত নয় কি?
শারীরিক অথবা মানসিক প্রতিবন্ধী মানে আপনি সমাজ বা পরিবারের বোঝা, এমনটা ভাবা মোটেও ঠিক নয়, পারিপার্শ্বিক এবং সামাজিক বাধাকে জয় করার ক্ষমতা আপনার অনেক বেশি। পৃথিবীর যত আহা, উহু, এহে, ইশ...আহা রে বেচারা...অথবা পঙ্গু, তাই স্বাভাবিকের কাতারে চলার যোগ্য নয়...। শারীরিক ও মানসিকভাবে বিশেষ মানুষের প্রতি এহেন মন্তব্য তথাকথিত সুস্থ সমাজ ইচ্ছা করেই করে থাকে, সেগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে ঝেড়ে ফেলে দিন। নিজের মতো উড়তে হলে, সমাজের আকাশে নিজের জায়গাটা নিজের মনের জোরেই গড়ে নিন।
দ্রষ্টব্য: প্রিয় পাঠক, ওই রকম ‘আহা রে বেচারা’ ধরনের মন্তব্য আপনার মনে এসে থাকলে দয়া করে এ লেখা এড়িয়ে যাবেন। আর আমাকে চিকিৎসাসংক্রান্ত কোনো উপদেশ দেওয়ার হলেও এড়িয়ে যাবেন। আগেই বলেছি, আমি নিরাময়যোগ্য নই। বয়সের সঙ্গে, সময়ের সঙ্গে আমার শারীরিক অবস্থা আরও খারাপের দিকেই যাবে। এটাই আমার জীবন, যন্ত্রণায় কুঁকড়ে, বিছানায় সেঁটে গেলেও আমাকে মেনে নিতেই হবে। কারও করুণা মিশ্রিত সহানুভূতি পাবার উদ্দেশ্যে নয়, আমার এই লেখার মূল উদ্দেশ্য সব শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মনোবল বাড়ানো। যে সমাজে প্রতিবন্ধীদের বোঝা মনে করা হবে, সেই সমাজে একীভূতকরণ কখনোই কি ঠিকভাবে সম্ভব? প্রশ্ন রইল পাঠক।