পপি চাষ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তের ওপারে পপি চাষ বন্ধের দাবি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের সোনামসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, ছবি: প্রথম আলো
সীমান্তের ওপারে পপি চাষ বন্ধের দাবি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের সোনামসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিলালপুর চুলকনি পাড়ার সীমান্ত ঘেঁষে নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় লোকজন শত শত বিঘা জমিতে নিষিদ্ধ পপি চাষ করছেন। ওই পপি চাষ বন্ধের পদক্ষেপ নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় বাংলাদেশিরা।

মানববন্ধনে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সোনামসজিদ ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক আবদুল মবিন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল হামিদ, স্থানীয় সাংবাদিক আহসান হাবিব প্রমুখ।

বক্তারা বলেন, দুই মাস ধরে বাংলাদেশ সীমান্তের ঠিক কোল ঘেঁষে ভারতীয়রা শত শত বিঘা জমিতে পপি চাষ করছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মিলিক সীমান্ত ফাঁড়ির সামনেই এসব হচ্ছে। অথচ বিএসএফের সদস্যরা নীরব ভূমিকা পালন করছেন। এতে বাংলাদেশিদের কাছে পপিগাছ পরিচিত হচ্ছে। তাঁদেরও গোপনে নিষিদ্ধ পপির সঙ্গে ও মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা বলেন, তাঁরা শুরু থেকেই পপিখেত ধ্বংসের পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দাবি জানিয়েছেন। কিন্তু কোনো কাজ না হওয়ায় বিক্ষোভ করেন। অচিরেই এসব পপিখেত ধ্বংস না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

আবদুল মবিন, আবদুস সবুর, তোজামেঞ্চল হকসহ আরও অনেকে জানান, ঠিক সন্ধ্যার আগে ভারতীয়রা পপি ফলগুলোতে ব্লেড দিয়ে পোচ দেন। সারা রাত ফলগুলো থেকে আঠা বের হয়। ভোরে ওই আঠা সংগ্রহ করা হয়। ওই আঠা থেকে তৈরি হয় হেরোইন, আফিম ও অন্যান্য মাদক।

যোগাযোগ করা হলে বিজিবি-৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর প্রথম আলোকে বলেন, গত ১০ ফেব্রুয়ারি সোনামসজিদ সীমান্তের ওপারে ভারতের মহদিপুরে বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্তের কোল ঘেঁষে নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় নাগরিকদের পপি চাষের তীব্র প্রতিবাদ করা হয় এবং অবিলম্বে পপিখেতগুলো ধ্বংসেরও দাবি জানানো হয়। ইতিমধ্যে বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়। বিএসএফ জানিয়েছে, তারা অচিরেই পপিখেতগুলো ধ্বংস করবে। কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি।