ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের এক দশক পূর্তি উত্সব গতকাল শুক্রবার শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ উত্সবের শেষ দিনে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের সাবেক শিক্ষার্থীরা এতে অংশ নেন।পপুলেশন সায়েন্সেস বিভাগ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উত্সব আয়োজন করে পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে উপকূলবর্তী বিপুলসংখ্যক মানুষ ভবিষ্যতে নগরমুখী হবে। পরিকল্পিত উপায়ে নগরায়ণ না হওয়ায় দেশ তখন এক নতুন সংকটে পড়বে।অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার এরকেন ও বিভাগীয় চেয়ারম্যান মেহেদী হাসান খান। পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এ কে এম নূর-উন-নবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।