পবন নিজেই বিএনপির কার্যালয়ে বোমা হামলার পরিকল্পনা করেন
বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ ওরফে পবন দলে ভালো পদ পাওয়ার জন্য গুলশানের বিএনপির কার্যালয়ের সামনে বোমা হামলার পরিকল্পনা করেন। দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে দলে ভালো পদ পাওয়ার আশায় পবন নিজেই এ হামলার পরিকল্পনা করেছিলেন। পবনের বন্ধু গোলাম সাব্বির ওরফে শোভন আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।ঢাকার মহানগর হাকিম সাহাদাত হোসেন গত রোববার বিকেলে তাঁর খাস কামরায় শোভনের জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত শোভনকে কারাগারে পাঠিয়ে দেন।এর আগে গত ২ ফেব্রুয়ারি বোমা হামলার ঘটনার সময় গ্রেপ্তার প্রদীপ সাহাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামি প্রদীপও তাঁর জবানবন্দিতে পবনের নাম বলেছেন।আদালত সূত্র জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে শোভন বলেন, পবন রাজনৈতিকভাবে লাভবান হওয়ার আশায় দেশে রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য হামলার পরিকল্পনা করেন। তাঁর কথা ও পরিকল্পনামতো বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।গত ২৩ ফেব্রুয়ারি রাতে ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ প্রদীপ সাহাকে গ্রেপ্তার করে। রিমান্ডে প্রদীপের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শোভনকে গ্রেপ্তার করে।