পবন মাদকাসক্ত হয়ে চিকিৎসাধীন শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বোমা হামলা মামলার শুনানি পিছিয়েছে। মামলার আসামি বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আকতার হামিদ ওরফে পবনের আইনজীবী সময়ের আবেদন করলে গতকাল বুধবার আদালত শুনানি পিছিয়ে দেন। খালেদা জিয়ার নিরাপত্তা শাখার এক কর্মকর্তা এই মামলার বাদী।আদালত সূত্র জানায়, আবেদনে আইনজীবী বলেছেন, আসামি পবন মাদকাসক্ত হওয়ায় আদালতে হাজির হতে পারেননি। তাঁর মাদকাসক্তির প্রমাণ হিসেবে গুলশানের মুক্তি মানসিক ও মাদকাসক্ত নিরাময়কেন্দ্রের চিকিৎসা সনদও দাখিল করা হয়। চিকিৎসা সনদে বলা হয়, পবন মাদকাসক্ত হয়ে বর্তমানে গুলশানের মুক্তি মানসিক ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকসহ জটিল রোগে আক্রান্ত।শুনানি শেষে মহানগর দায়রা জজ জহিরুল হক ২৫ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। একই সঙ্গে আদালত পলাতক আসামি ওমর ফারুকের পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।এর আগে ১০ অক্টোবর আকতার হামিদ পবন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। গতকাল এ মামলায় আসামিদের উপস্থিতি ও পলাতক আসামি ওমর ফারুকের গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।এ মামলার অপর তিন আসামি প্রদীপ সাহা, গোলাম সাব্বির ওরফে শোভন ও সুলতান হাসান ওরফে রনি কারাগারে আছেন। গতকাল তাঁদের আদালতে হাজির শেষে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।