প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছোট ছেলে খোন্দকার আখতার হামিদ পবনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশন তাঁকে অব্যাহতি দিয়েছে বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন।
দুদকের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান এক লাখ দুই হাজার টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর আখতার হামিদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছিলেন। মামলাটির তদন্ত করেন দুদকের আরেক উপসহকারী পরিচালক হাফিজুর রহমান। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় আখতার হামিদকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে কমিশনে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। কমিশন প্রতিবেদনটি গ্রহণ করে তা অনুমোদন দেয়। আর এর মাধ্যমে দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন আখতার হামিদ।