পবনের জামিন লাভ
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বোমা হামলা মামলায় আকতার হামিদ পবনকে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। পবন গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ জহিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পবন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে। তাঁকে গতকাল সকালে গুলশানের মুক্তি ক্লিনিক থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আদালত এলাকায় আনা হয়। আসামিপক্ষের আইনজীবীরা পবনকে আদালতে হাজির না করে শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। পরে আসামি পবনকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, পবন জটিল রোগে আক্রান্ত, তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন। শুধু দৈহিক সমস্যাই নয়, তিনি মানসিক ভারসাম্যও হারিয়েছেন। তিনি গুলশানের মুক্তি ক্লিনিকে চিকিৎসাধীন। আইনজীবীরা বলেন, অসুস্থ হওয়া সত্ত্বেও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে পবন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। এর আগে হাইকোর্টে আত্মসমর্পণ করলে আদালত ছয় সপ্তাহের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের মহানগর কৌঁসুলি আবদুল্লাহ আবু জামিনের আবেদনের বিরোধিতা করেন। এর আগে গত ৬ অক্টোবর পবনের আইনজীবী এক দরখাস্ত দিয়ে আদালতকে জানান, মাদকাসক্ত হওয়ায় আসামি পবনকে চিকিৎসার জন্য মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বোমা হামলা মামলায় আখতার হামিদ পবনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয় গত ৫ জুলাই। অভিযুক্ত আসামিদের মধ্যে ওমর ফারুক ও বাবু পলাতক রয়েছেন। অপর তিন আসামি প্রদীপ সাহা, গোলাম সাব্বির ওরফে শোভন ও সুলতান হাসান ওরফে রনি কারাগারে আছেন। মামলার বিবরণে বলা হয়, আসামি পবন সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় তিনি নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে গত ২৩ ফেব্রুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটান। পবনের নির্দেশে তাঁর বন্ধু শোভন ও প্রদীপ সেখানে বোমার বিস্ফোরণ ঘটান।