বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ ওরফে পবনের বিরুদ্ধে দায়ের করা বোমা হামলা মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির তারিখ আগামী ৫ জুলাই ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ তারিখ নির্ধারণ করেন।গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা হামলার মামলায় আখতার হাকিম পবনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান। পবন ছাড়া অন্য আসামিরা হলেন প্রদীপ সাহা, গোলাম সাব্বির, সুলতান হাসান ওরফে রনি, ওমর ফারুক ও ডাকাত বাবু। এর মধ্যে পবন, ওমর ফারুক ও বাবু পলাতক আছেন। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন করেছেন। অপর আসামি আজাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাঁকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেছেন।অভিযোগপত্রে বলা হয়, রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য বিএনপির নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ ওরফে পবনের কথায় গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বোমা হামলা করা হয়। অভিযোগপত্রে আরও বলা হয়, আসামি পবন সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং বিএনপি রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় নিজেকে গুরুত্বপূর্ণ করার জন্য গত ২৩ ফেব্রুয়ারি গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে বোমা হামলা করেন। পবনের কথামতো তাঁর বন্ধু গোলাম সাব্বির ওরফে শোভন ও সে (প্রদীপ) ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন সিকিউররিটি সেলের ডেপুটি কো-অর্ডিনেটর মেজর মুহা. হানিফ (অব.) বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন।