পবা উপজেলাকে সহিংসতামুক্ত রাখতে সর্বদলীয় আঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলাকে রাজনৈতিক সহিংসতামুক্ত রাখতে সর্বদলীয় ঐক্য হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিরা যেকোনো মূল্যে পবা উপজেলাকে সহিংসতামুক্ত রাখতে অঙ্গীকার করেছেন। জামায়াত সরাসরি প্রতিনিধি না পাঠালেও তাদের সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যানও সহিংসতা নিরসনে একমত হয়ে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিরা সন্ত্রাসবিরোধী কমিটিতেও নিজেদের সম্পৃক্ত রাখার ব্যাপারে মত দিয়েছেন। গতকাল রোববার পবা উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সহিংসতার বিরুদ্ধে ঐক্যের সিদ্ধান্ত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা। রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হুসাইন ও রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির বিশেষ অতিথি ছিলেন। প্রশাসন সূত্র জানায়, সবার আগে অংশগ্রহণকারীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যাতে রাজনৈতিক কোনো দলকে লক্ষ্য করে বক্তব্য না দেওয়া হয়। এ জন্য সব প্রতিনিধিই সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধের পরামর্শ ও করণীয় নিয়ে বক্তব্য দিয়েছেন। সভায় রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান বলেছেন, উপজেলায় সহিংসতা নিরসনে প্রতিটি ইউনিয়নে শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। পুলিশ সুপার আলমগীর কবির বলেন, এই অস্থির সময়ে পবা সর্বদলীয় বৈঠকে সবাই এসেছেন—এটা একটা বিরল ঘটনা। এ অবস্থা বজায় থাকলে পবার মানুষের আর কোনো সমস্যা হবে না। পবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মকবুল হুসাইন বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি এলাকাকে তাঁর সাধ্যমতো সহিংসতামুক্ত রাখতে চেষ্টা করবেন।