পবায় ককটেল বিস্ফোরণে শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলায় ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার দুপুরে একটি চায়ের দোকানের পাশে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম গোলাম কাউসার (৮) ওরফে আকাশ। বাবার নাম মকবুল হোসেন। বাড়ি রাজশাহীর পবা উপজেলার মোহনপুর গ্রামে।
স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির অদূরে ককটেলটি পড়ে ছিল। লাল স্কচটেপ পেঁচানো বস্তুটি নিয়ে খোলার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের সব কটি আঙুল উড়ে যায়। স্প্লিন্টারের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বি কে দাম বলেন, অস্ত্রোপচারের সময় শিশুটির হাতের কবজির এক ইঞ্চি ওপর থেকে কেটে বাদ দিতে হয়েছে। বিস্ফোরণে হাতের সব কটি আঙুল উড়ে গেছে।