পবায় কেন্দ্র দখল করে সিল, একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজন আহত হয়েছেন।
পারিলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ২৫ মিনিট ভোট গ্রহণ স্থগিত ছিল।
পাঁচজন প্রত্যক্ষদর্শী বলেন, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী ফাহিমা বেগমের সমর্থকেরা ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে সাধারণ ভোটারদের বের করে দেন। তাঁরা প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকেন। এ নিয়ে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাইফুল বারীর সমর্থকদের সঙ্গে ফাহিমার সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। বাজারে পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি করে। এতে মাসুদ রানা (৫০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁর বাড়ি উপজেলার পারিলা গ্রামে। মাসুদ রানার কোমরে গুলি লেগেছে। এ ছাড়া নাসির উদ্দিন (১৭) নামের এক ব্যক্তি ইটের আঘাতে আহত হন। তাঁর বাড়ি পারিলা চকপাড়া গ্রামে। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের মাস্টার মোশার্রফ হোসেন বলেছেন, এক্স-রে করার পর মাসুদ রানার অবস্থা বোঝা যাবে।
আওয়ামী লীগের প্রার্থী ফাহিমা বেগম বলেন, এ ধরনের কোনো ঘটনা ভোটকেন্দ্রে ঘটেনি।
রিটার্নিং কর্মকর্তা ও পবা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী বলেন, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাঁকে জানিয়েছেন, এই পরিস্থিতির কারণে ২৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। কতগুলো ব্যালটে অবৈধভাবে সিল মারা হয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, প্রিসাইডিং কর্মকর্তা এটা নির্দিষ্ট করে বলেননি।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন বলেন, অবৈধভাবে সিল মারা ব্যালটগুলো বাদ দেওয়ার জন্য প্রিসাইডিং কর্মকর্তাকে বলা হয়েছে। অবৈধ ব্যালটের সংখ্যা এখন বলা যাচ্ছে না।