পবার মধ্যচরের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার মধ্যচরের দুর্গত মানুষের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আপাতত গতকাল রোববার এই চরের ২৫০টি পরিবারের মধ্যে প্যাকেজ ত্রাণ বিতরণ করা হয়েছে।

এক মাস ধরে এই চরের মানুষ পানিবন্দী রয়েছে। এ ব্যাপারে গত ৩১ জুলাই প্রথম আলোয় ‘বন্যায় দুর্ভোগে সরকারি পল্লির বাসিন্দারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত বছর নদীভাঙনের শিকার হয়ে উপজেলার চরখিদিরপুর থেকে আসা ২৫০টি পরিবারকে এই চরে পুনর্বাসন করা হয়েছে।

গতকাল বিকেলে প্যাকেজ ত্রাণ হিসেবে তাদের মধ্যে একই সঙ্গে চাল, ডাল, চিনি, চিড়া, লবণ, মুড়ি, তেল, দেশলাই ও মোমবাতি বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাজাহান সিরাজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিন, পবা উপজেলার হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম প্রমুখ।

আয়েন উদ্দিন বলেন, তাঁরা যে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন, এতে অল্প কয়েক দিন মাত্র চলবে। কিন্তু এই চরের মানুষের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। এ জন্য তিনি আগামী ছয় মাসের মধ্যে এই চরের শিশুদের পড়াশোনার জন্য একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করবেন। চরের জমি যাতে ভূমিদস্যুরা দখল করে চাষ করতে না পারে, সে জন্য তিনি একটা উদ্যোগ নেবেন। যারা এই চরে স্থায়ীভাবে বসবাস করে, তাদের মধ্যে সমভাবে এই চরের জমি বণ্টন করা হবে। তারাই জমিতে আবাদ করবে। বাড়িঘর তৈরির জন্য গুচ্ছগ্রাম তৈরির ব্যবস্থা করবে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় এনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতে বন্যার সময় তাদের অনাহারে থাকতে না হয়। তারা যেন স্বাবলম্বী হতে পারে। এই জন্য তিনি প্রয়োজনীয় সব উদ্যোগ নেবেন।

লে. কর্নেল শাজাহান সিরাজ বলেন, এটা সীমান্ত এলাকা। ইদানীং লক্ষ করা যাচ্ছে, গরু আনতে সীমান্ত পার হয়ে ভারতে এলাকায় ঢুকে মানুষ মারা যাচ্ছে। তিনি আরও বলেন, দুটি গরুর চেয়ে একজন মানুষের জীবনের দাম অনেক বেশি। এটা জাতির জন্যও লজ্জার।

মফিদুল ইসলাম বলেন, এই চরে প্রায় ১১ হাজার হেক্টর জমি জেগে উঠেছে। এটাকে ভাঙন থেকে রক্ষা করে উন্নয়নের কাজে লাগানো হবে।

ত্রাণসামগ্রী পেয়ে ৭০ বছর বয়সী শাজাহান আলী বলেন, বাড়ি ভাঙতেই নিঃস্ব হয়ে গেছেন। তার মধ্যে এক মাস ধরে খেত-খামারে কাজ নেই। ঘরে যা সঞ্চয় ছিল, শেষ হয়ে গেছে। প্রায় অর্ধাহারে দিন কাটছে। এই ত্রাণ তাঁদের কাজে লাগবে। চেয়ে বড় উপকার হবে যদি নদীভাঙন ও বন্যাপীড়িত এই এলাকার মানুষের জন্য স্থায়ী কিছু করা যায়।