পবায় অবৈধ বালু উত্তোলনকারীর দণ্ড, মালামাল জব্দ
রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিন ব্যবসায়ীর প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ড্রেজার চালকের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রাজ্জাকুল ইসলাম গতকাল সোমবার তাঁদের এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ব্যবসায়ী আলেক উদ্দিন, জহির উদ্দিন, হোসেন আলী ও ড্রেজারচালক এরশাদ আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন ঘাটে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। গতকাল সকাল ১০টার দিকে ইউএনও পুলিশকে নিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নবগঙ্গা ঘাটে অভিযানের সময় বালু ব্যবসায়ীরা তাঁদের সরঞ্জাম ফেলে পালিয়ে যান। পরে আদালতের নির্দেশে ওই স্থান থেকে জব্দ করা তিনটি ড্রেজার ধ্বংস করা হয়। পরে সেখান থেকে উপজেলার সোনাইকান্দি ঘাটে এসে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন বালু ব্যবসায়ী ও এক ড্রেজার চালককে হাতেনাতে আটক করে আদালত ওই দণ্ড দেন।