পবায় উত্ত্যক্তের শিকার কিশোরীর আত্মহত্যা!
রাজশাহীতে গতকাল সোমবার সকালে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এক বখাটে যুবকের উৎপাতে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই যুবক পরিবারের লোকজনসহ বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন।
মৃত কিশোরীর নাম আমেনা খাতুন। তার বাবার নাম হায়দার আলী। বাড়ি রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার শ্যামপুর এলাকায়। মেয়েটির বাবা দিনমজুর। মেয়েটি শ্যামপুর জুনিয়র হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। দুই ভাই ও তিন বোনের মধ্যে আমেনা ছিল সবার ছোট।
ওই যুবকের নাম রেজাউল (২০)। তাঁর বাড়ি মেয়েটির বাড়ির পাশেই। তিনি ট্রাকশ্রমিক।
মেয়েটির মামা জামাল উদ্দিন বলেন, ‘ওই ছেলেটি মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করত। এর একটা সমাধান করার জন্য আজ সকালে (সোমবার) আমার বোনটা (মেয়ের মা) রাজশাহী নগরের ডাঁশমারী এলাকায় আমার বাসায় এসেছিল। সব শুনে আমি আমার এলাকার কাউন্সিলরকে জানালাম। আগামীকাল মঙ্গলবার (আজ) এটা নিয়ে বসার একটা সিদ্ধান্ত হলো। এরই মধ্যেই এই খবর পেলাম।’
মেয়ের বড় ভাইয়ের স্ত্রী বলেন, সকালে তাঁর শাশুড়ি ডাঁশমারীতে ভাইয়ের বাসায় যান। আর তিনি নিজের বাচ্চা দুটিকে বিদ্যালয়ে পৌঁছে দিতে যান। তখন আমেনা বাড়ির পাশে এক হুজুরের কাছে আরবি পড়তে যায়। সকাল সাড়ে আটটার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। কিন্তু পাশ দিয়ে দেখা যাচ্ছে, পা ঝুলে আছে। তিনি দরজার ফাঁক গলিয়ে তাকিয়ে দেখেন, আমেনার লাশ ঝুলছে। তখন তিনি চিৎকার করে ওঠেন।
আমেনার মামাতো ভাই বাবু বলেন, দরজার পাশের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে খিল খুলে তাকে নামানো হয়। একটি অটোরিকশায় তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে গিয়েই মনে হলো, আমেনার নড়াচড়া নেই। পাশের তালাইমারীতে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক আবদুল মান্নান আমেনাকে মৃত ঘোষণা করেন।
বাবু জানান, বিভিন্ন সময়ে তাঁর ফুফু (মেয়ের মা) তাঁদের কাছে বলেছেন, রেজাউল বলতেন, তাঁর সঙ্গে বিয়ে না দিলে মেয়েকে তুলে নিয়ে যাবেন। গতকাল সকালে মেয়েকে একা পেয়ে ছেলেটি হয়তো এমন কিছু করেছেন যে আমেনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।
সর্বশেষ কী হয়েছিল—জানতে চাইলে মেয়েটির মা বলেন, গত রোববার রেজাউল তাঁর বাড়ির ভেতরে ঢুকেছিলেন। তখন তিনি নদীতে গোসল করে বাড়িতে ঢুকছিলেন। তাঁর মেয়ে বাসায় একা ছিল। তাঁকে দেখে রেজাউল বেড়ার ওপর দিয়ে লাফ দেন। তিনি পিছু নিয়ে তাঁর বাড়ি পর্যন্ত ধাওয়া করেন। ওই বাড়িতে গিয়ে তাঁর মা ও ভাইকে তিনি অভিযোগ করে আসেন।
রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, দুই কক্ষবিশিষ্ট একটি ঘরের একটিতে তালা লাগানো। অপর দরজায় তালা ঝুলছে, কিন্তু তালা লাগানো হয়নি। এ সময় স্থানীয় লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের বুঝিয়ে থামানো হয়।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ যায়, কিন্তু মেয়েটির দিনমজুর বাবা মামলা চালাতে পারবেন না বলে তিনি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করতে রাজি হননি। নগরের মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, তিনিও ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু মেয়ের বাবা কোনো অভিযোগ করতে চান না। এ ক্ষেত্রে তাঁদের করার কিছু নেই।