শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ভাগাভাগি করায় রাজশাহীর পবায় একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট, এক শিক্ষক ও এক কেরানিকে দুই থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন। গতকাল দুপুরেই তাঁদের মতিহার থানায় সোপর্দ করা হয়েছে।
রাজশাহীর পবা উপজেলার এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দারুল ইসলাম দাখিল মাদ্রাসা। দণ্ড পাওয়া তিন শিক্ষক হচ্ছেন ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট আবদুল মতিন, সহকারী শিক্ষক রেজাউল করিম-১ ও কেরানি ইসমাইল হোসেন। আদালত ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ও কেরানিকে ছয় মাস এবং সহকারী শিক্ষককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষকেরা ভাগাভাগি করছেন—এমন তথ্য পেয়ে গতকাল দুপুরে রাজ্জাকুল ইসলাম রাজশাহী নগরের মতিহার থানার পুলিশ নিয়ে দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় যান। তাঁর কাছে মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযোগ করে, আগের দিন মঙ্গলবার মাদ্রাসার ২৮ জন শিক্ষার্থীর নামে উপবৃত্তির টাকা ওঠানো হয়েছে। দশম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর নামে এক হাজার ২০ টাকা করে ওঠানো হয়। এর মধ্যে শিক্ষার্থীদের হাতে শুধু ২০ টাকা দেওয়া হয়েছে। অন্য শ্রেণির শিক্ষার্থীদের ১০০ টাকা করে দেওয়া হয়েছে।
গতকাল দুপুরে ওই বিদ্যালয়ের উপবৃত্তি পায়—এমন অনেক শিক্ষার্থীই ভ্রাম্যমাণ আদালতের কাছে অল্প কিছু টাকা দেওয়ার অভিযোগ করে। দশম শ্রেণির শিক্ষার্থী মিতু খাতুন জানায়, মঙ্গলবার তাদের গত বছরের জুলাই থেকে ডিসেম্বর—ছয় মাসের উপবৃত্তির টাকা ওঠানো হয়েছে। তার নামে এসেছে এক হাজার ২০ টাকা। কিন্তু তাকে শুধু ২০ টাকা ধরিয়ে দিয়ে শিক্ষক রেজাউল করিম-১ বাকি টাকা নিয়েছেন। বলেছেন, বুধবার (গতকাল) বাকি টাকা দেওয়া হবে।
নিয়ম অনুযায়ী, পরীক্ষার ফলাফল ও উপস্থিতি হার বিবেচনা করে মাদ্রাসার ৪০ শতাংশ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয়। প্রত্যেককে ছয় মাসের টাকা তাদের একসঙ্গে দেওয়া হয়। কিন্তু শিক্ষকেরা মেধা ও উপস্থিতির হার বিবেচনা না করে কম মেধা ও কম উপস্থিতি রয়েছে—এমন শিক্ষার্থীদের মধ্যে টাকা ভাগাভাগি করছেন। শিক্ষকেরা স্বীকার করেছেন, ২০০০ সাল থেকে তাঁদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পান। তাঁরা ২০১০ সাল থেকে টাকা ভাগাভাগি করছেন।
শিক্ষক রেজাউল করিম-১ বলেন, এক হাজার টাকার ওপরের খুচরা টাকাটা গতকাল দেওয়া হয়েছিল। টাকা ভাঙানোর ঝামেলা থাকায় গতকাল বেশি টাকা দেওয়া হয়নি। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট আবদুল মতিন বলেন, একজনের টাকা দুই-তিনজনের মধ্যে ভাগাভাগি করেন যাতে সবাই সন্তুষ্ট থাকে। নইলে অভিভাবকেরা তেড়ে আসেন। নাশতা বাবদ প্রত্যেক শিক্ষার্থীর টাকা থেকে ২০ টাকা করে কেটে রাখার কথাও তিনি স্বীকার করেন।