রাজশাহীর পবা উপজেলার আলাইবিদিরপুর এলাকায় গতকাল সোমবার আগুন লেগে একটি পাটকলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে গত রোববার সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামে ছয়টি পরিবারের ১৬টি ঘর আগুনে পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ব্যক্তিমালিকানাধীন ‘রহমান জুটমিলে’ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়ি পড়ে। পরে বেলা একটার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য শ্রমিকদের সঙ্গে যোগ দেয়। বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই পাটকলের কর্মকর্তা ওসমান গনি দাবি করেন, আগুনে প্রায় দুই হাজার মেট্রিক টন পাট পুড়ে গেছে।রোববার সন্ধ্যা সাতটার দিকে জলঢাকার শালনগ্রামের মশিউর রহমানের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। নীলফামারী ও ডোমার থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়টি পরিবারের ১৬টি ঘরের মধ্যে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকন উল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সাহায্য প্রদানের আশ্বাস দেন।