পবায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় ব্যক্তিমালিকানাধীন রহমান জুট মিলস লিমিটেডের গুদামে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। রাত নয়টার দিকে এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পাটকল কর্তৃপক্ষের দাবি, ওই গুদামে অন্তত আট কোটি টাকার পাট মজুদ ছিল। পাটকলের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাড়ে ১২টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামের সবখানে ছড়িয়ে পড়ে। রাজশাহী থেকে অগ্নিনির্বাপক বাহিনীর সাতটি ইউনিটের অন্তত ৬০ জন কর্মকর্তা ও কর্মী ছাড়াও কারখানার কয়েক শ কর্মচারী এবং স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপপরিচালক মিজানুর রহমান গত রাত নয়টার দিকে ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, আগুন কোনো ক্রমেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। রাতের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা যাবে কি না তা-ও বোঝা যাচ্ছে না। তবে সর্বাত্মক চেষ্টা চলছে। পাটকল মালিক মো. লুৎফর রমহান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি হতভম্ব। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি। পাটকলের কর্মকর্তারা জানিয়েছেন, গুদামটিতে অন্তত আট কোটি টাকার পাট মজুদ ছিল। এর মধ্যে গত কয়েক দিনে কিছু পাট দিয়ে চট তৈরি করা হয়েছে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনাস্থল থেকে বলেন, তদন্ত না করে আগুনের কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।