জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাজশাহীর পবা উপজেলায় গত বুধবার প্রতিপক্ষের হামলায় একরামুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনাকে কেন্দ্র করে নিহত একরামুলের দুই ছেলে মো. সোহেল (২২) ও মো. শামীম (১৮) এবং ভাই আশরাফ আলীকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে নিহত ব্যক্তির লাশ রেখে বিক্ষুব্ধ জনতা প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে। উপজেলার নওহাটা পৌরসভার মেয়র আবদুল গফুরের আশ্বাসে জনতা অবরোধ তুলে নেয়।গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামের দ্বীন মোহাম্মদ ওরফে দীনু নামের এক ব্যক্তির সঙ্গে একরামুলের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে গত বুধবার সকালে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দ্বীন মোহাম্মদের লোকজন একরামুলকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।একরামুলের ভগ্নিপতি সোহরাব হোসেন অভিযোগ করেন, বুধবার একরামুলের ছোট ছেলে শামীম ও ভাই আশরাফ আলী শাহ মখদুম থানায় অভিযোগ করতে গেলে পুলিশ উল্টো তাঁদেরই গ্রেপ্তার করে। আর একরামুলের বড় ছেলে সোহাগকে হাসপাতাল থেকে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়।একরামুলের মৃত্যু এবং তাঁর ভাই ও ছেলেদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এলাকাবাসী গতকাল সকাল সাড়ে আটটা থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া বাজার এলাকায় রাস্তার ওপর একরামুলের লাশ রেখে সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ এলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে নওহাটা পৌরসভার মেয়র আবদুল গফুর জামিনে একরামুলের দুই ছেলে ও ভাইকে বের করে আনার প্রতিশ্রুতি দিলে জনতা অবরোধ তুলে নেয়।সোহেল, শামীম ও আশরাফকে গতকাল সকালে রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিনে মুক্তি দেন। পরে তাঁরা বাড়ি ফিরলে বিকেল তিনটায় একরামুলকে দাফন করা হয়।