পবায় বাড়িঘরে ভাঙচুর লুটপাট, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার এক মহল্লার লোকেরা আরেক মহল্লায় হামলা চালিয়ে তিনটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালের এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার রূপসীডাঙ্গা মহল্লার আবদুল জলিলের আমবাগানে ইমাদপুর মহল্লার কয়েকজন যুবক বেশ কিছুদিন ধরে মাদক সেবন করে আসছিল। গত সোমবার সন্ধ্যায় রূপসীডাঙ্গার লোকজন মাদকের আসর থেকে সুজন নামের এক যুবককে ধরে নিয়ে যায়। এ সময় সুজন মুঠোফোনে তার মহল্লার লোকজনকে বিষয়টি জানালে ইমাদপুরের লোকজন লাঠিসোঁটা নিয়ে গিয়ে হামলা করে সুজনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার রেশ ধরে গত মঙ্গলবার বিকেলে ইমাদপুর মহল্লার ভেতর দিয়ে যাওয়ার সময় রূপসীডাঙ্গার কলেজছাত্র আল-আমীনকে মারধর করে সুজনের পক্ষের লোকজন। গত বুধবার বিকেলে ইমাদপুরের লোকজন রূপসীডাঙ্গার আবদুর রশিদ নামের এক যুবককে ইমাদপুরে মারধর করে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে ইমাদপুরের একজন ভ্যানচালক ও জার্জিস নামের এক যুবক রূপসীডাঙ্গার ওপর দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের লোকজন তাঁদের মারধর করে। এ খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে ইমাদপুরের অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রূপসীডাঙ্গায় হামলা চালায়। রূপসীডাঙ্গার কৃষক মোশাররফ হোসেন বলেন, ইমাদপুরের লোকজন পৌর কাউন্সিলর মনিরউদ্দিনের নেতৃত্বে হামলা চালায়। তারা প্রথমেই আকরাম নামের এক কৃষককে দা দিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা ইসমাইলের স্ত্রী মিনা বেগমকে (৪০) পিটিয়ে গুরুতর জখম করে। তারা ইসমাইলের বাড়ি থেকে একটি ছাগল এবং নাজিম উদ্দিনের বাড়ি থেকে একটি ছাগল ও একটি গরু লুট করে নিয়ে যায়। হামলাকারীরা পুলিশের কনস্টেবল ফারুকের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং আবদুল জলিলের বাড়ির একটি খড়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। গতকাল দুপুরে গিয়ে দেখা গেছে, দুই মহল্লার দুই প্রান্তে পুলিশ মোতায়েন রয়েছে। রাস্তার ওপরে অনেক ভাঙা ইট পড়ে আছে। পুলিশ সদস্য ফারুক হোসেনের শোবার ঘর লন্ডভন্ড। তাঁর বড় বোন বেবি বলেন, হামলাকারীরা ফারুকের ঘর থেকে ৫০ হাজার টাকা ও গয়না লুট করে নিয়ে গেছে। কাউন্সিলর মনিরউদ্দিন বলেন, মদক সেবন নিয়ে নয়, ওই বাগানের পাশে একটি ডোবার মাছ লুটের অভিযোগে সুজনকে ধরে নিয়ে তারা মারধর করছিল। এ খবর পেয়ে তাঁর মহল্লার লোকজন সুজনকে উদ্ধার করে আনে। বিষয়টি মীমাংসা করার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে ওরা ইমাদপুরে দুজনকে মারধর করেছে। এ খবর শুনে তাঁর মহল্লার লোকেরা পাল্টা হামলা চালায়। তিনি হামলায় নেতৃত্ব দেওয়ার কথা অস্বীকার করেন। গুরুতর আহতাবস্থায় ইমাদপুরের জার্জিস ও রূপসীডাঙ্গার আকরাম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপসীডাঙ্গায় কর্তব্যরত কাটাখালী পুলিশ ফাঁড়ির টিএসআই আবু হানিফ বলেন, ইমাদপুরের লোকজন আধা ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটিয়েছে। এখানে প্রায় তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের মধ্যে মীমাংসার প্রস্তুতি চলছে।