পবায় স্কুলছাত্রীর হাতে বখাটের বিষের ইনজেকশন পুশ!
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার রাজশাহীর পবা উপজেলায় এক স্কুলছাত্রীর হাতে বিষের ইনজেকশন পুশ করার অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার রাতে পবা থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার পুলিশ ওই বখাটেকে গ্রেপ্তার করে।মেয়েটির মামা রফিউদ্দিন বিশ্বাস প্রথম আলোকে জানান, তাঁর ওই ভাগ্নি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। উপজেলার টিকটিকিপাড়া গ্রামের বখাটে রাজু আহাম্মেদ মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় সে মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। ভাগ্নিকে রক্ষা করতে রফিউদ্দিন পরীক্ষা দিতে আসা-যাওয়ার সময় তার সঙ্গে থাকতেন। ঘটনার দিন ব্যবহারিক পরীক্ষা ছিল। ওই ছাত্রী একটু আগেই পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়। সে ফোনের দোকানে সামনে দাঁড়িয়ে মামাকে ফোন দেওয়ার জন্য অপেক্ষা করছিল। একপর্যায়ে রাজু ও তার এক বন্ধু মেয়েটির বাঁ হাতে সিরিঞ্জ ঢুকিয়ে বিষের ইনজেকশন পুশ করে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় স্কুলছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নাম প্রকাশ না করার শর্তে কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁরা ধারণা করছেন, ওই সিরিঞ্জে অবশ্যই বিষাক্ত কিছু ছিল। তবে নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।গতকাল সোমবার সকালে অবস্থার অবনতি হলে ওই স্কুলছাত্রীকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।