পবায় ১৮ দিন পর এক কিশোরের লাশ উদ্ধার
রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুরে পদ্মা নদী থেকে গত বৃহস্পতিবার মিজানুর রহমান (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি উপজেলার বশড়ি গ্রামে। নিখোঁজ হওয়ার ১৮ দিন পর তার লাশ পাওয়া গেল।স্থানীয় ব্যক্তিরা জানান, গরু ব্যবসায়ীরা বিএসএফের নজর এড়িয়ে ভারতীয় সীমান্ত থেকে কলার ভেলায় গরু তুলে ছেড়ে দেন। স্রোতের টানে গরুবাহী ভেলা বাংলাদেশের সীমানায় এলে কিছু ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সেসব গরু ধরে নিয়ে আসে। স্থানীয় এক গরু ব্যবসায়ীর পক্ষে কিশোর মিজানুরও এই কাজ করত।মিজানুরের বোন আঁখি আক্তার বলেন, ঈদের দুই দিন আগে সোমবার চর থেকে মাংস আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মিজানুর। সেদিন সন্ধ্যায় গরু ব্যবসায়ী আজগর আলী তাঁকে মুঠোফোনে বলেন, মিজানুর তাঁর কাছে আছে। পরের দিনও মিজানুর বাড়ি না ফেরায় তাঁরা পদ্মা নদীর ঘাটে যান। সেখানে লোকজন তাঁদের জানায়, মিজানুর গরু ধরতে নদীতে ঝাঁপ দিয়েছিল। তারপর তাঁকে আর পাওয়া যায়নি। ব্যবসায়ী আজগর আলী পরে তাঁদের ফোনে জানান যে মিজানুরকে বিএসএফ ধরে নিয়ে গেছে। সে বহরামপুর জেলে আছে।আঁখি বলেন, গত বৃহস্পতিবার তাঁরা খবর পান একটি লাশ ভেসে এসে চরখিদিরপুরে পদ্মা নদীর তীরে আটকে রয়েছে। তারপর তাঁরা সেখানে গিয়ে লাশের পরনের প্যান্ট দেখে নিশ্চিত হন যে লাশটি মিজানুরের। গরু ব্যবসায়ী আজগর আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঈদের আগের রোববার তিনি মিজানুরকে ১০০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। ঈদের আগে আর চরে যেতে মানা করেছিলেন। পরের দিন সন্ধ্যায় তাকে চর মাজারদিয়াড় এলাকায় মহিষ চরাতে দেখেন। তারপর তিনি আর কিছু জানেন না। তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে তিনি লোকমুখে শুনেছিলেন। মিজানের বোনের সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।এ ব্যাপারে মিজানুর রহমানের মা আমেনা বেওয়া গতকাল নগরের মতিহার থানায় একটি হত্যা মামলা করেন।