পবিত্র আশুরা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের লোকজন গত শুক্রবার রাজধানীতে তাজিয়া মিছিল বের করেন। ছবিটি আজিমপুর এলাকা থেকে তোলা  প্রথম আলো
পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের লোকজন গত শুক্রবার রাজধানীতে তাজিয়া মিছিল বের করেন। ছবিটি আজিমপুর এলাকা থেকে তোলা প্রথম আলো

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।
হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন।

এই শোক ও স্মৃতিকে স্মরণ করে গত শুক্রবার রাজধানীর ঢাকাসহ সারা দেশে পবিত্র আশুরা পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, কোরআনখানি, দোয়া, মাহফিল। অনেকে দিবসটি উপলক্ষে নফল রোজাও রাখেন। দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করে অনেক পরিবার।

দিবসটি উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালান রোড থেকে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমন্ডি ২ নম্বর সড়কে এসে শেষ হয়। ঢাকা ও এর আশপাশের লোকজন এই মিছিলে অংশ নেন। হোসনি দালান রোডের ইমামবাড়া থেকে আরেকটি মিছিল বের হয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরেও তাজিয়া মিছিল হয়।