পবিত্র আশুরা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের লোকজন গত মঙ্গলবার রাজধানীতে তাজিয়া মিছিল বের করেন। ছবিটি আজিমপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের লোকজন গত মঙ্গলবার রাজধানীতে তাজিয়া মিছিল বের করেন। ছবিটি আজিমপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো

বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও গত মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে।
মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়ে থাকে।
হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদতবরণ করেন। এ ছাড়া ১০ মহররমে হজরত মুসা (আ.) তাঁর অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন। তাঁদের পিছু নেওয়া ফেরাউন সদলবলে নীল নদে ডুবে যায়। এমন আরও অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। বিশ্বের মুসলমানদের কাছে এদিনটি একদিকে যেমন শোকের, তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেতনায় উজ্জ্বল। তবে মর্মান্তিক ঘটনাটি ঘটে কারবালা প্রান্তরে।
পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। সংবাদপত্রগুলোও বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।
কারবালার শোক ও স্মৃতিকে স্মরণ করে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র আশুরা পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরআনখানি। মঙ্গলবার ছিল সরকারি ছুটি। প্রতিবারের মতো রাজধানীতে মঙ্গলবারও তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মানুষ। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে রাজধানীর কয়েকটি রাজপথ।
এদিন সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডের হোসনি দালান থেকে সকালে তাজিয়া মিছিল শুরু হয়। মিছিলটি বকশিবাজার, লালবাগ, আজিমপুর, নিউর্মাকেট হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়। এ ছাড়া মোহাম্মদপুর, পল্টন, মগবাজার থেকে আশুরার মিছিল বের হয়। এসব মিছিলে কেউ কেউ নিজেদের বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করতে থাকেন।
পুরান ঢাকার ফরাশগঞ্জে বিবিকা রওজা থেকে মঙ্গলবার বিকেলে আশুরার আরেকটি মিছিল বের হয়। এ মিছিলকে বলা হয় ‘বিবিকা ডোলা’। বাংলাবাজার, চকবাজার, আজিমপুর, নিউর্মাকেট হয়ে ধানমন্ডি লেকে গিয়ে মিছিলটি শেষ হয়।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।