পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মুসলমান সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের এই দিনে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেয়।
গত বুধবার সকালে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য মুসল্লিরা স্থানীয় ঈদগাহ কিংবা মসজিদে সমবেত হন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে নিজের পাপ মোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, কালেমা ও ঈদ মোবারকখচিত পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা হয়।
ঈদুল আজহার মূল উৎসব কোরবানি। ঈদের দিন নামাজ পড়েই বেশির ভাগ মানুষ পশু কোরবানি দিয়েছেন। তবে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক পাড়া-মহল্লায় পশু কোরবানি দেওয়া হয়। বিশেষ করে পুরান ঢাকায় ঐতিহ্য হিসেবে ঈদের পরদিন কোরবানির রেওয়াজ থাকায় রাজধানীর অন্য এলাকার চেয়ে এখানে ঈদের দ্বিতীয় দিনের আমেজ ছিল ভিন্ন রকম।
প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। রাজধানী ঢাকায় সকাল সাড়ে আটটায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকেরাসহ সর্বস্তরের জনগণ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। জাতীয় ঈদগাহে নামাজ শেষে দেশের অব্যাহত শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহ বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজের পর রাষ্ট্রপতি মুসল্লিদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত হয়। প্রথম জামাত হয় সকাল সাতটায়। এ ছাড়া ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত হয়। ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে নানা শ্রেণী-পেশার বিশিষ্টজন ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।