পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত

উৎসবমুখর পরিবেশে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা গত শুক্রবার সারা দেশে ঈদুল আজহা উদ্যাপন করেছেন। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাঁরা ঈদগাহে সমবেত হন। পরে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনটি শুরু হয়। সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল আটটায় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। রাষ্ট্রপতি, মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের জনগণ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। সেখানে দেশের অব্যাহত শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মিনায় পদপিষ্ট হয়ে নিহত হাজিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গত শুক্রবার রাজধানীসহ সারা দেশে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বঙ্গভবনে সংবর্ধনা: রাষ্ট্রপতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত শুক্রবার সকালে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঈদুল আজহার শিক্ষার মাধ্যমে ধৈর্য ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, সহানুভূতিশীল ও ধৈর্যশীল সমাজ গঠনের আহ্বান জানান। কেউ যাতে ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হাজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তিন বাহিনীর প্রধানসহ সমাজের সর্বস্তরের লোকজন যোগ দেন।