পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে গত বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। প্রিয় মহানবীর (সা.) স্মরণে এই দিনে মুসলমানরা রোজা রাখেন, নফল ইবাদত, জিকির আসকার, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত ও ফাতেহা পাঠ করেন। ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটির তাৎ পর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে।মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে (১২ রবিউল আউয়াল) জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে আবার ঠিক এই দিনেই তিনি ওফাত লাভ করেন। বিশেষ এই দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, সড়কদ্বীপ ও বিভিন্ন ভবনে আলোকসজ্জা ও কালেমা তাইয়্যেবা লেখা ব্যানার প্রদর্শন করা হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত বুধবার বাদ আসর বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংসদ, নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধানেরাসহ বিশিষ্ট ব্যক্তিরা মিলাদে অংশ নেন। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত দেশের বিশিষ্ট আলেমরা ওয়াজ করবেন। ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিরাত, সেমিনার, ইসলামি সাংস্কৃৃতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। গত বুধবার সকালে আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন শাহজাহানপুর রেলওয়ে মাঠে মহাসম্মেলন শেষে রাজধানীর বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করে। আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া বাংলাদেশ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ শেষে আনন্দ শোভাযাত্রা বের করে। জাতীয়তাবাদী ওলামা দল ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করে। বিএনপির কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ বাদ আসর মহানবী (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা ও মিলাদের আয়োজন করে।মহাখালীর মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে গত বুধবার থেকে তিন দিনব্যাপী ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দেওয়ানবাগ শরিফে বাদ ফজর থেকে বাদ জোহর পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেজভিয়া তালিমুস সুন্নাহ বোর্ড কাকরাইল মোড় থেকে আনন্দ মিছিল বের করে। জমিয়তে আশেকানে মাইজভান্ডারি সকাল সোয়া ১০টায় উত্তরা হাউস বিল্ডিং থেকে টঙ্গী পৌরসভা পর্যন্ত আনন্দ শোভাযাত্রা বের করে। আহলা দরবার শরিফ হাইকোর্ট মাজার প্রাঙ্গণে সেমিনার ও মিলাদ মাহফিলের আয়োজন করে।