পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং যথাযথ মর্যাদায় বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশেও গত শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ছিল আখেরি নবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর জন্মদিন। তাঁর ওফাতও ছিল একই তারিখে। সারা বিশ্বের মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।রাজধানীতে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল, সমাবেশ এবং জশনে জুলুস। দিনটিতে ছিল সরকারি ছুটি। এ উপলক্ষে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করে, টেলিভিশন চ্যানেল ও রেডিওতে সম্প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠানমালা।বঙ্গভবনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, মন্ত্রিপরিষদের সদস্যরাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন শুরু করেছে পক্ষকালের কর্মসূচি। এর অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল ওয়াজ ও মিলাদ মাহফিল।এ ছাড়া, বাংলাদেশ মাইজভান্ডারী ফোরাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা ও জশনে জুলুসের আয়োজন করে। মতিঝিলের আরামবাগে বাবে রহমত দেওয়ানবাগে অনুষ্ঠিত হয় আশেকে রাসুল সম্মেলন। জাতীয় প্রেসক্লাব বাদ আসর আয়োজন করে মিলাদ মাহফিল। শাহজাহানপুর রেলওয়ে ময়দানে সমাবেশ ও জশনে জুলুস আয়োজন করে আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশন। বিএনপির কর্মসূচিতে ছিল বাদ আসর নয়াপল্টন কার্যালয়ে আলোচনা ও মিলাদ মাহফিল। বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ বাদ জুমা শোভাযাত্রা, আলোচনা ও দেয়া মাহফিলের আয়োজন করে।এ ছাড়া, বিভিন্ন মসজিদে কোরআন তিলাওয়াত, মিলাদ, জিকের আসকার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।