পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মোকাররমে প্রদর্শনী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর সাহানে চলছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনভিত্তিক পোস্টার ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী ১৮ ফেব্রুয়ারি প্রতিদিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। খবর তথ্য বিবরণীর।প্রদর্শনীতে ইরান ও তুরস্কের ঢাকার দূতাবাস থেকে প্রাপ্ত উল্লেখযোগ্যসংখ্যক ইসলামিক ক্যালিগ্রাফি স্থান পেয়েছে। এ ছাড়া রয়েছে ইস্তাম্বুলের তোপকাপি জাদুঘরে রক্ষিত ইসলামি পুরা নিদর্শনের আলোকচিত্র প্রদর্শনীর বিশেষ আকর্ষণ। মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে রচিত দেশি-বিদেশি লেখকদের উল্লেখযোগ্যসংখ্যক দুর্লভ পুস্তকও প্রদর্শনীতে স্থান পেয়েছে।প্রদর্শনীতে রয়েছে মহানবী (সা.)-এর পবিত্র চুল, জুতা, চপ্পল, দন্ত মোবারক সংরক্ষণের পাত্র ও সিন্দুক, অজুর জন্য ব্যবহূত পানির বোতল, কবরের আচ্ছাদন, শরীরের আবরণ রাখার পাত্রের অভ্যন্তর ভাগ, বিভিন্ন গোত্রের নেতাদের কাছে লিখিত পত্র ইত্যাদির আলোকচিত্র।এ ছাড়া হজরত ফাতেমা (রা.)-এর পোশাক, শহীদ ইমাম হোসেইন (রা.)-এর পোশাক, ইউসুফ (আ.)-এর পাগড়ি, হজরত উসমান (রা.)-এর তরবারি, খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর তরবারি ও কাবাঘরের তালাচাবির আলোকচিত্রও প্রদর্শিত হচ্ছে। হাতে লেখা সবচেয়ে বড় কোরআন শরিফ, ক্ষুদ্রতম কোরআন শরিফ ও হজরত উসমান (রা.) যে কোরআন শরিফ পাঠরত অবস্থায় শাহাদাতবরণ করেন, তাঁর রক্তমাখা রঙিন ফটোকপিও প্রদর্শনীতে স্থান পেয়েছে।