পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন
যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে গত শুক্রবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এ দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, সেমিনার এবং মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী।
শুক্রবার পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নজরুল একাডেমি অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বাদ আসর আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।