পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত রোববার পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ওই দিন রাজধানীতে বিভিন্ন স্থানে শোভাযাত্রা হয়েছে। এ ছাড়া রাজধানীসহ সারা দেশে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কমর্সূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ৩ জানুয়ারি থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, ক্যালিগ্রাফি প্রদর্শন ও ওয়াজ মাহফিল। আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে ঢাকায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়। দেওয়ানবাগ শরিফের উদ্যোগে আশেকে রাসূল (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ছাড়া আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি পার্টিসহ আরও কয়েকটি সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
প্রায় ১ হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মহামানব হজরত মুহাম্মদ (সা.) এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা প্রতিবছরই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রোববার সরকারি ছুটি পালিত হয়। বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।