পবিত্র ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের মক্কায় গত সোমবার রাতে পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথমে পবিত্র কাবার চারপাশে তাওয়াফ করেন। এরপর সাফা ও মারওয়া প্রদক্ষিণ করেন। দেশবাসী ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীও পবিত্র ওমরাহ পালন করেন।
এর আগে সোমবারই মদিনা নগরে পবিত্র মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-র রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
সৌদি আরবে চার দিনের সফর শেষে গতকাল মঙ্গলবার দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট স্থানীয় সময় বিকেলে রিয়াদের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও সৌদি সরকারের প্রতিনিধিগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। গতকালই বাংলাদেশ সময় মধ্যরাতে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণের কথা ছিল।
প্রধানমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে গত রোববার অনুষ্ঠিত প্রথম আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের আমন্ত্রণে ২১ মে দেশটিতে যান।