পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী
পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার রাতে পবিত্র ওমরাহ পালন করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শুক্রবার মধ্যরাতেই জেদ্দা থেকে মক্কায় পৌঁছান। সেখানে পবিত্র ওমরাহ পালন শেষে কাবা শরিফে বিশেষ মোনাজাতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দেশ ও জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সৌদি আরব সফরের শুরুতে গত শুক্রবার রাতে জেদ্দায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে কিং ফয়সাল প্যালেসে অনুষ্ঠিত এক ভোজসভায় যোগ দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সম্মানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ এই ভোজসভার আয়োজন করেন।
ভোজসভায় আরও অংশ নেন শেখ রেহানা, সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মাদ সালেহ বিন তাহের বেনটেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমেদ মোহাম্মাদ আলি আল মাদানি।