পবিত্র কোরআন পোড়ানোয় আহমদ শফীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
পবিত্র আল কোরআন পোড়ানোর অভিযোগে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এম আমিনুর রশিদ নামের এক আইনজীবী আবেদনটি করেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে আজ রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা।
রিট আবেদনকারীর আইনজীবী মো. খবীর উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নির্দেশে রোববার অবরোধ হয়। ওই দিন হেফাজতের কর্মীরা পবিত্র কোরআন ও হাদিস বিক্রির ক্ষুদ্র দোকানে আগুন ধরিয়ে দিলে কোরআন শরিফ ভস্মীভূত হয়। এ কারণে একজন মুসলমান হিসেবে সংক্ষুব্ধ হয়ে আবেদনকারী রিটটি করেন। বিষয়টি আজ ওই আদালতের কার্যতালিকায় শীর্ষে থাকবে।’
আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, এ বিষয়ে ব্যাখ্যা জানাতে আহমদ শফীকে কেন আদালতে উপস্থিত করার নির্দেশ দেওয়া হবে না এবং ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে রিটে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও আহমদ শফীকে বিবাদী করা হয়েছে।