পবিত্র জুমাতুল বিদা পালিত
সারা দেশে গতকাল শুক্রবার ২৫ রমজানের দিন যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়।
এবার রমজান মাস ২৯ বা ৩০ দিনের হলেও গতকাল শুক্রবারই ছিল শেষ জুমা। মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে বিদায় জানানো হয়। তাৎপর্যপূর্ণ এ দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়।
গতকাল জুমাতুল বিদায় বায়তুল মোকাররম মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত হন। অনেকে মসজিদের আঙিনা ও রাস্তায় নামাজ আদায় করেন। নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম। এ ছাড়া সারা দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া হয়।
এদিন সিয়াম শেষ হয়ে যাওয়ার সতর্কতামূলক দিবস। মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য ও মাহাত্ম্য সর্বাধিক। রমজান মাসের সর্বোত্তম দিবস হলো জুমাতুল বিদা, যা মাহে রমজানে পরিসমাপ্তিসূচক শেষ শুক্রবারে পালিত হয়।