পবিত্র জুমাতুল বিদা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গতকাল জুমাতুল বিদার নামাজ আদায় শেষে মোনাজাত করেন মুসল্লিরা l ছবি: প্রথম আলো
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গতকাল জুমাতুল বিদার নামাজ আদায় শেষে মোনাজাত করেন মুসল্লিরা l ছবি: প্রথম আলো

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় গতকাল শুক্রবার সারা দেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। রমজান মাসের শেষ শুক্রবারের বিশেষ এই জুমার নামাজ শেষে ব্যক্তিগতভাবে নিজেদের পাপ মোচন ও কল্যাণের পাশাপাশি দেশের সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

প্রতিবছরই জুমাতুল বিদায় মসজিদগুলোতে থাকে উপচে পড়া ভিড়। এবারও এর ব্যতিক্রম ছিল না। গতকাল শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। মহান সৃষ্টিকর্তার রহমত কামনায় তাঁরা বিশেষ মোনাজাতে অংশ নেন। মহানগরের প্রতিটি পাড়া-মহল্লার মসজিদেই বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি ছিল লক্ষণীয়। স্থান সংকুলান না হওয়ায় রাস্তায় জায়নামাজ, চাদর বা পুরোনো সংবাদপত্র বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যান ধর্মপ্রাণ মুসল্লিরা।