পবিত্র জুমাতুল বিদা পালিত
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানেরা জুমাতুল বিদা পালন করেছেন। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় একটি দিন। মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ মোনাজাত করেন।ধর্মীয় রীতি অনুযায়ী, রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। এই দিনের খুতবায় উচ্চারিত হয় ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রামাজান’। অর্থাৎ বিদায়, বিদায়, হে মাহে রমজান। বস্তুত জুমাতুল বিদার মধ্যদিয়ে পবিত্র রমজানকে বিদায় জানানো হয়। শারীরিকভাবে সক্ষম প্রতিটি মুসলমান বিশেষ সওয়াব হাসিলের উদ্দেশ্যে জুমাতুল বিদায় অংশ নেন। গত বুধবার থেকে রাজধানীর মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে। ফলে গতকাল জুমাতুল বিদায় বায়তুল মোকাররম মসজিদে অন্য বছরের তুলনায় মুসল্লির ভিড় ছিল কম। রাজধানীর পাড়া-মহল্লার ছোট-বড় মসজিদগুলোতে মুসল্লিরা জুমাতুল বিদার নামাজে অংশ নেন। খুতবার আগে ইমামেরা জুমাতুল বিদার তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে আলোচনা করেন।বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন খুতবাপূর্ব বক্তব্যে জুমাতুল বিদা সম্পর্কে বলেন, রমজান হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর বিশেষ রহমত ও অনুগ্রহ। এই রহমত ও অনুগ্রহ শেষ হওয়ার অন্তিম পর্যায়ে ইমানদার মুসলমানদের হূদয়ে বেদনার সৃষ্টি করে। বাড়ি থেকে গুরুত্বপূর্ণ মেহমানের বিদায়ে যেমন মনকে বেদনাবিধুর করে, তেমনি রমজানে জুমাতুল বিদার পর ধর্মপ্রাণ মুসলমানদের হূদয়েও একই অন্তর্জ্বালার সৃষ্টি করে।জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন খতিব মাওলানা সালাহউদ্দিন। মোনাজাতে বিশ্বের মুসলমানদের হেফাজত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ অনুকম্পা প্রার্থনা করেন তিনি।