পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম আজ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ শুক্রবার। সারা দেশে পরিপূর্ণ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। গাউছুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানের কাছে ‘ফাতিহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতিহা-ই-ইয়াজদাহম’ বলতে এগারো-এর ফাতিহা শরিফকে বোঝায়। এই পবিত্র ফাতিহা-ই-ইয়াজদাহম শরিফ ইমামুল আউলিয়া পীরানে পীর গাউসুল আযম দস্তগীর হজরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী (র.)-এর স্মরণে পালিত হয়।এদিকে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ সাহানে ‘ইসলাম প্রচারে গাউছুল আযম হযরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী (র.)’ শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মুহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে মাহফিলে ওয়াজ করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। এ ছাড়া ওয়াজ মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক এস এম সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।ওয়াজ মাহফিল শেষে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।