পবিত্র মসজিদ হুমকিতে পড়লে সৈন্য পাঠাতে পারে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের দুই পবিত্র মসজিদ হুমকির মুখে পড়লে ভবিষ্যতে সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটে সৈন্য পাঠাতে পারে বাংলাদেশ।
সৌদি নেতৃত্বাধীন ৩৪ দেশের সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশ অংশ নেবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার চার দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন। শেখ হাসিনা আগামীকাল মক্কা শরিফে পবিত্র ওমরাহ পালন করবেন। আগামী ৫ জুন তিনি সৌদি বাদশাহর সঙ্গে জেদ্দার রাজকীয় প্রাসাদে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
গত বছরের ডিসেম্বরে গঠিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশ যোগ দিয়েছে। সৌদি আরব প্রস্তাব দিলে ওই জোটে বাংলাদেশ সৈন্য পাঠাবে কি না জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘যখন সময় আসবে, তখন আমরা বিবেচনা করব। তবে আমি এখানে একটা কথা বলতে পারি যে এর আগে ইরাক যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে কুয়েত আক্রমণ করেছিল, তখন কিন্তু আমরা সৈন্য পাঠিয়েছিলাম। আমরা পাঠিয়েছিলাম সৌদি আরবে অবস্থিত পবিত্র দুই মসজিদ রক্ষার জন্য। কাজেই এটা একটা (উদাহরণ) আছে, অতীতে আমরা কী করেছি। ভবিষ্যতেও আমরা এটা করতে পারি। আপাতত এইটুকুই। যখন সময় আসবে, তখন আমরা দেখব।’
গত বছরের ডিসেম্বরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের ৩৪ জাতির জোটের ঘোষণা দেন।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ব্যাখ্যা দিতে গিয়ে মাহমুদ আলী গতকাল বলেন, ‘এটি কোনো সামরিক জোট নয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সৌদি আরব রিয়াদে একটি কেন্দ্র করছে। এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন, এটির দুটি দিক—একটি নিরাপত্তা ও অন্যটি সামরিক দিক। প্রথম ভাগে আছে রাজনৈতিকভাবে কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন। এ ক্ষেত্রে তথ্য বিনিময়ের মাধ্যমে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা।’
প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাংলাদেশের পুরুষ কর্মীদের জন্য তেলসমৃদ্ধ আরব দেশটিতে কাজের ব্যাপক সুযোগ হবে কি না জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘সফরে যাই। আলোচনা হোক দেখা যাবে।’