পবিত্র রমজান মাসে পণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
আসন্ন পবিত্র রমজান মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বর্তমানে চিনিসহ অন্যান্য পণ্য চাহিদার চেয়ে বেশি মজুত রয়েছে। তাই সংকট দেখা দেওয়ার কোনো কারণ নেই। কাউকে কৃত্রিম সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না।
গত শুক্রবার রাতে ভোলা চেম্বার অব কমার্সের আয়োজনে জেলা পরিষদের মাঠে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। রোজায় পণ্যের দর নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ‘তিনি ভিশন-২০৩০-তে যা বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি তা কখনো বাস্তবায়ন করবেন না।’
ভোলা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মো. আবদুল মমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের জোনাল কমান্ডার মো. মনির প্রমুখ।