পবিত্র রমজানে ফুটপাত হকারমুক্ত রাখতে মেয়রের উদ্যোগ
আসন্ন পবিত্র রমজানে চট্টগ্রাম নগরের ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখতে হকার নেতাদের সহযোগিতা চেয়েছেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এ জন্য একটি পরিদর্শন দল গঠন করা হবে বলেও মেয়র জানান।গত সোমবার করপোরেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় মেয়র বলেন, করপোরেশনের চারজন এবং হকার্স সমিতি থেকে দুজনকে অন্তর্ভুক্ত করে একটি পরিদর্শন দল গঠন করা হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদের ব্যবস্থা নেবে। পবিত্র রমজানে মানুষের চলাফেরা নির্বিঘ্ন করতে করপোরেশন হকারদের সহযোগিতা কামনা করছে। সিটি মেয়র হকারদের পুনর্বাসনের জন্য অচিরেই একটি নীতিমালা প্রণয়ন করবে বলে জানান। সভায় চট্টগ্রাম মহানগর হকার্স লীগ, মেট্রোপলিটন হকার্স সমিতি, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনসহ অন্যান্য হকার্স সমিতির প্রায় শতাধিক হকার নেতা উপস্থিত ছিলেন।