আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে চুরি, ছিনতাই, ডাকাতি, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমারদের তৎপরতা
ঠেকাতে রাজধানীর বিপণিবিতান ঘিরে পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি
ভ্রামম্যাণ আদালত দিয়ে ভেজালবিরোধী অভিযানও চালাবে।
রমজান মাস সামনে রেখে গতকাল রোববার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, বেলা ১১টা থেকে একটা পর্যন্ত চলা
সভায় ডিএমপি সদর দপ্তরের ঊধ্বর্তন কর্মকতা এবং ডিএমপির অপরাধ বিভাগের সব কমিশনার থেকে শুরু করে ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ এতে
সভাপতিত্ব করেন।
সভার সূত্র জানায়, রমজানে চুরি, ছিনতাই, পকেটমার, ডাকাতি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যরা যাতে তৎপর না
হতে পারে, সে বিষয়ে সভায় আলোচনা হয়। কমিউনিটি পুলিশ ও বিট পুলিশ ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার
পক্ষে মত প্রকাশ করেন সভায় উপস্থিত কর্মকর্তারা। এ সময় রাজধানীর বিভিন্ন বিপণিবিতানের সামনে ও রাস্তায় পুলিশের টহল
বাড়ানোর সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, অপরাধ তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে চিহ্নিত বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে
যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি চালাবে পুলিশ।
সভায় পুলিশের কর্মকর্তারা বলেন, রমজানে ফুটপাত দখল করে ইফতারসামগ্রী বিক্রি না করতে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
মাসুদুর রহমান বলেন, রমজান মাস সামনে রেখে সম্প্রতি মহানগর দোকান মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে
ডিএমপির কমিশনার মতবিনিময় করেন। ব্যবসায়ী নেতাদের মতামতের ভিত্তিতে ডিএমপির কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেন। সভায় অর্থ বহনে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান
জানানো হয়। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশ নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।