পবিত্র রমজানে ভেজালমুক্ত খাবারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজানে ইফতারিসহ সব খাবার ভেজালমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে ১৭টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। গতকাল বুধবার বেলা ১১টায় চকবাজার শাহি মসজিদের সামনে ‘ইফতারিসহ সব খাদ্য বিষ ও ভেজালমুক্ত চাই’ শীর্ষক ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের পুষ্টিমানসম্পন্ন খাদ্য নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। বক্তারা বলেন, পবিত্র রমজান সামনে রেখে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, আমদানি ও মজুতকরণ চলছে। এসব খাদ্যপণ্যে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক উপকরণ মেশানো হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের বিভিন্ন সংস্থাকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, খাবার ভেজালমুক্ত রাখতে ফরমালিন নিয়ন্ত্রণ আইন, নিরাপদ খাদ্য আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রয়োগ করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল খাদ্য বিক্রেতাদের দণ্ডসহ আরও বড় সাজা দিতে হবে। দেশের চাহিদা অনুযায়ী টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানি করতে হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক আবদুস সোবহানের সভাপতিত্বে মানববন্ধনে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সভাপতি হাফিজুর রহমান, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।