পবিত্র লাইলাতুল মিরাজ ৪ মে
আগামী ৪ মে বুধবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল মিরাজ উদ্যাপিত হবে। গতকাল শুক্রবার বাংলাদেশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রজব মাস।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিটিভির পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহি জামে মসজিদের খতিব মাওলানা আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।