পবিত্র শবে কদর ও জুমাতুল বিদা পালিত

যথাযোগ্য ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাতে পালিত হয়েছে পবিত্র শবে কদর। মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় রাত জেগে ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মহিমান্বিত রাতটি অতিবাহিত করেন মুসলমান সম্প্রদায়।
এর আগে শুক্রবার জুমাতুল বিদা ও আল-কুদস দিবস পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সব মসজিদে জুমাতুল বিদায় বিপুলসংখ্যক মুসল্লি নামাজে অংশ নেন। শত শত মুসল্লি মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় জায়নামাজ, খবরের কাগজ বিছিয়ে নামাজ পড়েন। বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন বিশেষ মোনাজাত করেন। তিনি দেশের কল্যাণ, বিশ্বশান্তি ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন।
এদিকে মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস মুক্তির লক্ষে৵ গতকাল আল-কুদস দিবস পালন করেন মুসলমান সম্প্রদায়। এ উপলক্ষে আল-কুদস কমিটি গতকাল রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ‘সমস্যার ঘূর্ণাবর্তে মুসলিম বিশ্ব: প্রেক্ষিত আল-কুদস ও ফিলিস্তিনের স্বাধীনতা’ শীর্ষক আলোচনার আয়োজন করে।
শবে কদরের রাতে ধর্মপ্রিয় মুসল্লিরা মসজিদে, বাসায়, ইবাদতখানায় নফল নামাজ আদায় করেন। তাঁরা জিকির আজকার ও কোরআন তেলাওয়াত করেন। অনেকে রাতে বাবা-মা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বায়তুল মোকাররম মসজিদে গতকাল জুমার নামাজের আগ থেকে ‘শবে কদরের ফজিলত ও তাৎপর্য’ নিয়ে আলোচনা, মিলাদ, জিকির আসকার, কোরআনের তাফসির, ওয়াজ মাহফিল হয় ফজরের নামাজ পর্যন্ত। ফজরের পর আখেরি মোনাজাত করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক।
এ ছাড়া গতকাল তারাবির নামাজের পর মসজিদে মসজিদে আয়োজন করা হয় ওয়াজ মাহফিলের। প্রায় সব মসজিদে তারাবির নামাজে পবিত্র কোরআন খতম সম্পন্ন হওয়ায় বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মুসল্লিরা অংশ নেন।