পবিত্র শবে কদর পালিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শনিবার পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালিত হয়েছে। দেশের মুসলিম সম্প্রদায় মহান আল্লাহ পাকের কাছে ক্ষমাপ্রার্থনা ও পুণ্য লাভের আশায় রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ মহিমান্বিত রাতটি অতিবাহিত করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে, বাসায়, ইবাদতখানায় শবে কদরের নফল নামাজ আদায় করেন। তাঁরা জিকির-আসকার ও কোরআন তিলাওয়াত করেন। অনেকেই রাতে বাবা-মা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।বায়তুল মোকাররম মসজিদে গতকাল ‘শবে কদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত মুসল্লিরা জিকির-আসকার করেন। শেষে বিশেষ মোনাজাত করেন খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। মোনাজাতে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন।এ ছাড়া গতকাল তারাবির নামাজের পর মসজিদে মসজিদে আয়োজন করা হয় ওয়াজ মাহফিলের। প্রায় সব মসজিদে তারাবির নামাজে পবিত্র কোরআন খতম সম্পন্ন হওয়ায় বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।লাইলাতুল কদর উপলক্ষে আগেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। গতকাল জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। তাঁরা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর সবাইকে এ মহিমান্বিত রাত উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।